এক আসামির বদলে অন্যজন জেলে, ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়ল রহস্য
- সর্বশেষ আপডেট : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 19
মাদক মামলায় এক আসামির বদলে অন্য ব্যক্তি কারাভোগ করতে এসে ধরা পড়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে পরিচয় গরমিল ধরা পড়ার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য—টাকার বিনিময়ে অন্যের জায়গায় জেল খাটতে এসেছিল ওই ব্যক্তি।
সোমবার সন্ধ্যায় কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, হাজতি মো. রাজিব (২৬), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়িয়া গ্রামের মো. রজব আলীর ছেলে। টঙ্গীপূর্ব থানার একটি মাদক মামলায় ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে আসেন।
পরে ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ তে পাঠানো হয়। সেখানে অনলাইন ডাটাবেজে তথ্য সংরক্ষণের সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলে হাজতির পরিচয়ে বড় ধরনের গরমিল ধরা পড়ে।
কারা অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা যায়, হাজতির প্রকৃত নাম মো. আজিজুল হক, তার বাবার নাম বাচ্চু মিয়া।
এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে হাজতি স্বীকার করেন যে, তার প্রকৃত নাম আজিজুল হক। তিনি লোভে পড়ে টাকার বিনিময়ে রাজিবের পরিবর্তে কারাভোগ করতে এসেছেন।
বিষয়টি সম্পূর্ণ ‘আয়নাবাজী’ বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।















