চার বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি ব্যাংক আমানতে
- সর্বশেষ আপডেট : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 19
২০২৫ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১১.১০ শতাংশ। হিসাব বলছে, ৫০ মাস পর ব্যাংক আমানতের এই সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। মূলত শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও আমানতের সুদের হার বৃদ্ধির কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক আমানতের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি।
আর ২০২৪ সালের ডিসেম্বর শেষে এর পরিমাণ ছিল ১৭ লাখ ৭৬ হাজার কোটি টাকা।
বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্বের হার বেড়ে যাওয়া, কাঙ্ক্ষিত রপ্তানি আয় না আসা, বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি শ্লথ থাকা সত্ত্বেও মূলত রেমিট্যান্স প্রবাহ বেশি থাকার কারণে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বেড়েছে।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। কারণ বেকারত্বের হার বেড়ে যাওয়া এবং মানুষের আয় না বাড়ার পরও আমানতের পরিমাণ বাড়ছে।’
এ বিষয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, ‘বিনিয়োগের নিরাপদ জায়গা হিসেবে ব্যাংকে আস্থা রয়েছে সাধারণ মানুষের। তা ছাড়া রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে এলে তা টাকায় কনভার্ট হয়। তখন ব্যাংক আমানতের পরিমাণও বাড়ে। তা ছাড়া ব্যাংক আমানতের সুদের হারও আগের চেয়ে বেড়েছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর মাস শেষে রেমিট্যান্স এসেছে ৩.২২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২.৬৪ বিলিয়ন ডলার। ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়তে শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২৪ সালের মাঝামাঝি সময় ৯-৬ সুদের নীতি থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে ব্যাংক আমানত ও ঋণের সুদের হার বাড়তে থাকে।
আগের নীতিতে ব্যাংকে আমানত রাখলে আমানতকারীরা তার বিপরীতে সুদ কম পেতেন। তবে সেই নীতি থেকে কেন্দ্রীয় ব্যাংক সরে আসায় ব্যাংকে আমানত রাখা আরো আকর্ষণীয় হয়েছে।
বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, বর্তমানে ৯ থেকে সাড়ে ৯ শতাংশ পর্যন্ত আমানতের সুদের হার দিচ্ছে ব্যাংকগুলো, যা মূল্যস্ফীতির চেয়ে বেশি রয়েছে। একই সময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার আগের চেয়ে কমেছে। এজন্য ব্যক্তি থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান ব্যাংকে আমানত রাখছে।
২০২১ সালের সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ছিল ১১.২৬ শতাংশ। এরপর ক্রমাগতভাবেই ব্যাংক আমানতের প্রবৃদ্ধি কমেছিল। এর মধ্যে টানা ১৭ মাস ব্যাংক আমানতের প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে থেকে ২০২৫ সালের আগস্টে দুই অঙ্কে দাঁড়ায়।
এএটি















