বিয়ের গুঞ্জনে নীরবতা ভাঙলেন মৌসুমী
- সর্বশেষ আপডেট : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মৌসুমী। কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, অভিনয়শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন তিনি! যদিও এ অভিনেতা বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন।
বিয়ের গুঞ্জন নিয়ে হাসান জাহাঙ্গীর কথা বললেও নীরব ছিলেন মৌসুমী। অবশেষে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা।
মৌসুমী বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কী বলব। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে।
তার কথায়, এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না।যার দরকার সে হয়তো এটা নিয়ে কথা বলছে, বলুক।
কিছু মানুষ রয়েছেন, যারা বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায় বলে মনে করেন মৌসুমী। তার মতে, জগতে কিছু নিন্দুক থাকবে, তারা মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায়, তারা এসব গল্প বলতেই থাকবে। এ ধরনের মানুষ এখন ভিউ চায়, সবার একটু মনোযোগ চায়, তারা কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে উপস্থাপন করে ফেসবুকে।
শিল্পী ও পরিচিত মানুষদের নাম ব্যবহার করে এসব বিষয়ে ভিডিও বানালে বা পোস্ট করলে ফেসবুকে রিচ বাড়ে, ইউটিউবে ভিউ হয় বেশি। সেই সুযোগটা তারা নেয় বলে মত মৌসুমীর।
এসব সংকট নিরসনে আইনের প্রয়োগের বিষয়টি সামনে আনেন মৌসুমী। এ অভিনেত্রী বলেন, এটার প্রতিকারে যদি আইনে থাকত, আইনের সঠিক প্রয়োগ থাকত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আগে কখনো দেওয়া হতো, তখন এসব নিয়ে ভিউখোর মানুষের গুজব ছড়ানো বন্ধ হয়ে যেত। ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে।
এনএটি

















