বিএনপির বিজয়ে তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
- সর্বশেষ আপডেট : ০৭:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জয়ের জন্য তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি এ ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ায় তিনি তার ‘প্রিয় বন্ধু’ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান।
টিআ/এসআইপি
















