ভোট দিলেন ‘তিন কন্যা’, প্রত্যাশার কথা জানালেন ববিতা
- সর্বশেষ আপডেট : ০৭:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
দেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।
ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।
এদিন দুপুরে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’ অভিনেত্রী তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বল মুখে ছবির জন্য পোজ দেন তারা।
নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে।শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে- এটাই চাই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।
এনএটি

















